এই দুনিয়াতে আসলে কেউ কারো জন্য নয়: জীবনের এক গভীর বাস্তবতা
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
এই দুনিয়াতে আসলে কেউ কারো জন্য নয়: জীবনের এক গভীর বাস্তবতা
মানুষ যখন কোনো কষ্ট, একাকীত্ব বা অবহেলার মধ্য দিয়ে যায়, তখন প্রায়ই তার মনে একটি কথা আসে—যে,“এই দুনিয়াতে আসলে কেউ কারো জন্য নয়। সবাই স্বার্থপর।” প্রথম দৃষ্টিতে কথাটি খুব কঠিন এবং কিছুটা তিক্ত মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর বাস্তবতা। আসুন তা জেনে নিই-
দুনিয়ার সম্পর্কের বাস্তবতা
এই পৃথিবীতে প্রতিটি মানুষ তার নিজের জীবন, দায়িত্ব এবং সংগ্রাম নিয়ে ব্যস্ত। আজ কেউ হয়ত আমাদের জন্য অনেক কাঁদছে, অনেক সময় দিচ্ছে, খুব চিন্তা করছে—কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, যাচ্ছেও তাই। কিছুক্ষণ আগে যেই আপন মানুষটার ব্যাবহার ছিলো মধুর মতন। হঠাৎই তার ব্যাবহার পরিবর্তনে মনের আকাশ যেনো ফেটে পড়ার উপক্রম! কথায় আছে, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আজ যে আপনাকে কথা দিচ্ছে , কাল সেই আপনার পিঠে ছুরি মারছে। ...কিছু ব্যতিক্রম।
যাইহোক,তবে বাস্তবতা ভিন্ন। যেমন ধরুন, যদি আজ কেউ পৃথিবী থেকে চলে যায়, প্রথমে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং কাছের বন্ধুরা গভীর শোক প্রকাশ করে। কিন্তু কয়েক দিন পর জীবন আবার তার স্বাভাবিক গতিতে ফিরে আসে। হা.... এটা মানুষের নির্দয়তা নয়; বরং এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম।
কিন্তু! মানুষ ভুলে যায় কেন?
আসলে মানুষ ভুলে যায় না, বরং জীবন তাকে সামনে এগোতে বাধ্য করে। যেমন তার -সংসারের দায়িত্ব, জীবিকার চিন্তা,নতুন ঘটনা,নতুন নতুন সমস্যা-আর এসবই ধীরে ধীরে পুরোনো শোককে ম্লান করে দেয়।
তাই একভাবে বলা যায়, মানুষ আসলেই মানুষকে ভুলে যায়। কুরআনেও এর সত্যতা মিলে। যেখানে আল্লাহ তা‘আলা কিয়ামতের ভয়াবহ অবস্থা তুলে ধরে বান্দাকে স্বরণ করাচ্ছেন যে, “মানুষ তার আপন ভাই থেকে ,তার পরম বাবা থেকে, মমতাময়ী মা থেকে, এমনকি তার একনিষ্ঠ প্রিয়তমা স্ত্রী থেকে...পালাতে থাকবে..” দুনিয়াটাও তো ছোটখাটো একটা কিয়ামত, তাই বড় কিয়ামতের আংশিক আলামত ছোট কিয়ামতে থাকবে তাতে অস্বাভাবিকের কি আছে! আল্লাহ মাফ করুন।
তবে দুনিয়ার আরেকটি বাস্তবতা হলো- মানুষ স্মৃতি ধরে রাখে, কিন্তু জীবন থেমে থাকে না।
ইসলামের দৃষ্টিতে আসল সম্পর্ক
ইসলাম আমাদের শিখিয়েছে—দুনিয়ার সব সম্পর্ক সাময়িক। মা, বাবা, ভাই, বন্ধু—সবাই একসময় আলাদা হয়ে যাবে। কিন্তু একটি সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না—সেটা হলো, আল্লাহর সাথে সম্পর্ক। মানুষ সবাই একদিন দূরে সরে যাবে, কিন্তু আল্লাহ কখনো তাঁর বান্দাকে একা ছেড়ে দেন না।
মৃত্যুর পর কী থাকে?
মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার জন্য তিনটি জিনিস বিশেষভাবে থেকে যায়—
১.নেক আমল
২.উপকারী জ্ঞান (যা মানুষ অন্যকে শিখিয়ে গেছে)
৩.সৎ সন্তান (যে তার জন্য দোয়া করবে।)
এই কাজগুলোই মানুষকে মৃত্যুর পরও জীবিত রাখে মানুষের স্মৃতিতে এবং আল্লাহর কাছে।
আর এই বাস্তবতাগুলো আমাদের শেখায়—
* মানুষের উপর অতিরিক্ত নির্ভর না করা
* সম্পর্কের মূল্য দেওয়া
* এমন কাজ করা যা মৃত্যুর পরও বেঁচে থাকে
* আর বিশেষভাবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা
মোটকথা,দুনিয়ায় মানুষ কিছুদিন পাশে থাকে, কিছুদিন হয়ত মনে রাখে, কিছুদিন বা কাঁদে—কিন্তু শেষ পর্যন্ত জীবন তার আপন গতিতে চলতে থাকে। তাই আসল ভরসা মানুষ নয়, বরং আল্লাহ। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না।
আল্লাহ তা‘আলা আমাদেরকে দুনিয়ার অস্থায়িত্ব বুঝার এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তাওফীক দান করুন। আমীন।

ইকরাবই ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url